নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় আজ মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণ স্থগিত করেছে মাঠ প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার জন্য এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুই উপজেলার প্রশাসন সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন, রুমা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলছে। নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে এবং অনাকাঙ্খিত যে কোনো ঘটনা এড়াতে আপাতত দুই উপজেলায় পর্যটকরা যেন ভ্রমণ না করেন এ জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে পর্যটন ট্যুর গাইডসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকেও বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

জনপ্রতিনিধিদের সূত্রে জানা গিয়েছে, সমতল থেকে আসা জঙ্গিদের ১২ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা দিয়ে রুমা উপজেলার বিভিন্ন এলাকায় হেলিকপ্টার থেকে একটি ঘোষণাপত্র ফেলা হয়েছিল। এতে বলা হয়, এইসব জঙ্গি কাদের আশ্রয় এবং প্রশ্রয়ে আছে সে সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিতভাবে অবগত আছে। তারা যদি শান্তিপূর্ণভাবে জঙ্গিদের হস্তান্তর না করে সেক্ষেত্রে আশ্রয় প্রদানকারীদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। 

গত কয়েকদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের একটি সংগঠনের সঙ্গে নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়ার সংযোগের বিষয়ে আলোচনা ওঠে। কেএনএফের ক্যাম্পে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কীয়া তাদের প্রশিক্ষণশিবির স্থাপন করেছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পার্বত্য চট্টগ্রামের কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এসব বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের ভূখণে থাকতে দেয়া হচ্ছে না। জঙ্গি বাহিনীর বা যেসব জঙ্গিরা সেখানে গিয়েছিল, কেএনএফের ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান করছিল। আমরা এসব ঘটনা দেখেছি। কয়েকজনকে ধরেছি, শনাক্তও করেছি বলেও জানান মন্ত্রী।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম চৌধুরী বলেন, নিরাপত্তাজনিত সমস্যার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী বলেন, জঙ্গি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে পাহাড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।