শহরের পুরানবাজার পৌর ২ নং ওয়ার্ড পশ্চিম জাফরাবাদে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে প্রায় ৩০-৩৫টি বসতঘরে পানি ঢুকে যায়। স্থানীয়রা জানায়, কয়েক দিনের বৃষ্টিতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাটি মূলত চাঁদপুর পৌরসভার বর্ধিত অংশ।

এখানে দুই শতাধিক পরিবারের বসবাস। আগে এলাকাটি সদর উপজেলাধীন ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের আওতায় ছিল। বর্তমানে এখানকার বাসিন্দারা চাঁদপুর পৌরসভার সব সুযোগ-সুবিধা ভোগ করে এলেও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বহু বাড়ির বসতঘরে এখনো পানি জমে আছে।

বেশ কিছুদিন ধরে পানি জমে থাকায় সেখানকার পানি অনেকটাই দূষিত হয়ে গেছে। এতে পানিবাহী রোগের সৃষ্টি হতে পারে, এমনটাই আশঙ্কা স্থানীয়দের।

জলাবদ্ধতা নিরসনে চাঁদপুর পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় কাউন্সিলর দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের।