তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়াসহ আলেম-ওলামাদের মুক্তির দাবিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় মিছিল করার সময় জামায়াত-শিবিরের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

আটকদের মধ্যে কয়েকজন হলেন মশিউর রহমান (৬০), শফিউল ইসলাম (৫০), ফজলুর রহমান (৩৫), হাবিবুর রহমান, সাইদ হোসেন, আল-আমীন (২৩), বায়জিদ হোসেন (২২), মুস্তাকিম বিল্লাহ, সাইফুল ইসলাম ও সাগর হোসেন।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের বিভিন্ন এলাকায় মিছিল থেকে তাদের আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার মিজানুর রহমান মিজান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় ১০ দফা কর্মসুচি বাস্তবায়নের উদ্দেশ্যে মিছিল করার সময়ে জামায়াত-শিবিরের ওই নেতাকর্মীদের আটক করা হয়।