রাজধানীর হাতিরঝিলে ইলহাম চৌধুরী (১৪ মাস) এবং তার বোন আফ্রিদা চৌধুরী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খাবার খেয়ে অসুস্থ হয়ে মারা গেছে দুই ভাই-বোন।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, আমরা খবর পেয়ে হাতিরঝিলের ওয়ারলেস মোড়ের এসএইচএস টাওয়ারের গ্যারেজে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, আমরা পরিবারের কাছে জানতে পেরেছি গতকাল সকালের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা (ভাই-বোন)। পরে মগবাজার কমিউনিটি হাসপাতালে দুজনকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরো জানান, মারা যাওয়া দুই ভাই-বোনের বাবার নাম মোসলে উদ্দিন চৌধুরী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালা থানায়। বর্তমানে একানব্বই নম্বর এসএইচএস টাওয়ার ওয়ারলেস মোর এলাকায় তারা থাকেন।










