সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করায় এবার ছয় লাখ টন ইলিশ উৎপাদন হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল— দুই মাসের অভিযান কঠোরভাবে চালানো হয়েছে। জেলেদের নদীতে নামতে দেয়া হয়নি। ফলে জাটকা চাঁদপুর অতিক্রম করে আবার সাগরে যেতে পেরেছে। শহরের তিন নদীর মোহনা ও আশপাশ এলাকায় জেলা টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা।
এ বছর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহর সার্বিক তত্ত্বাবধানে ১০টি স্পিডবোট দিয়ে দিন ও রাতে অভিযান পরিচালনা করা হয়। রমজানেও জেলা-উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ নদীতে অবস্থান করে। যে কারণে অন্য জেলার জেলেরা নদীতে নামতে পারেননি। এর পরও নিষেধাজ্ঞা অমান্য করে যেসব জেলে নদীতে নেমেছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে।










