বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভোট কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সরঞ্জাম।

আজ রোববার (১১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়। শহরের শিল্পকলা একাডেমি থেকে ইভিএম মেশিনসহ মালামাল বুঝে নেন প্রিজাইডিং অফিসার। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্ব স্ব কেন্দ্রে চলে যান তারা।

আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো বরিশালের সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিনে ভোট হবে।

৮৯৪টি বুথের জন্য এক হাজার ৮০০ ইভিএম মেশিন রাখা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিটি নির্বাচনের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ১২৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৮৯৪ জন ও পুলিং অফিসার এক হাজার ৭৮৮ জন।

আজ সকালে বরিশাল সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ভোটের পরিবেশ শতভাগ সুষ্ঠু আছে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বানও করেন।

সব ধরনের প্রস্তুতি নেয়াতে ‘বরিশালে ভোট উৎসব হবে’ বলে আশা প্রকাশ করেন তিনি।

নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে সাড়ে চার হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি দশ প্লাটুন বিজিবি, ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বরিশালে। এছাড়া সব কেন্দ্র মিলিয়ে প্রায় এক হাজার ২০০ সিসি ক্যামেরা বসানো হয়েছে।