দিনাজপুরের নবাবগঞ্জে খড়বোঝাই পাওয়ার টিলার উল্টে খড়ের নিচে চাপা পড়ে আজমল হোসেন (২৮) নামে পাওয়ার টিলারের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় খড়ের ওপর থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। গত রোববার রাত ১২টায় নবাবগঞ্জ উপজেলার বড় মাগুড়া এলাকার ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজমল হোসেন বিরামপুর উপজেলার উত্তর হরিরামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। আহতরা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত রোববার রাতে বিরামপুর থেকে দুটি পাওয়ার টিলারে খড় বোঝাই করে গাইবান্ধার ধাপেরহাট যাচ্ছিলেন আজমল হোসেনসহ কয়েকজন। পথে নবাবগঞ্জের বড় মাগুড়া গ্রামের ইটভাটার সামনে খড় বোঝাই একটি পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় চালক আজমল হোসেন ওই খড়ের নিচে চাপা পড়ে শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করেন। এ সময় খড়ের ওপর থাকা আরো দুজন আহত হন। পরে স্থানীয়রা এসে খড়ের নিচ থেকে মৃত অবস্থায় আজমলকে উদ্ধার করেন।










