ফারাক্কায় বাঁধ নির্মাণের ফলে মরুপ্রায় পদ্মা নদী। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের জলাধারগুলোও আদালতের রায় উপেক্ষা করে ভরাট করা হচ্ছে। নির্মিত হচ্ছে সুউচ্চ অট্টালিকা। এতে প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। কাটফাটা রোদে জমি-মাঠ-ঘাট ফেটে হচ্ছে চৌচির। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বিশ্ব পানি দিবসে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল সকাল ১০টা-১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন দিঘি, বড় পুকুর ও বিল সংরক্ষণের দাবি জানান বক্তারা। মহানগরীর বিভিন্ন জলাধার সংরক্ষণ ও পানির ‍সুব্যবস্থাপনার দাবিতে আয়োজিত এ মানববন্ধনের নাম দেয়া হয় ‘পানিবন্ধন’। বরেন্দ্র ইয়ুথ ফোরাম, বরেন্দ্র রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি সোসাইটি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এর আয়োজন করে।

কর্মসূচি থেকে খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের পানি ব্যবস্থাপনার সুশাসন ও ভূ-উপরিস্থ জলাধারগুলোর সুরক্ষাসহ প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। বক্তারা বলেন, রাজশাহী মহানগরীসহ বরেন্দ্র অঞ্চলের শত শত দিঘি ভরাট করে দালানকোঠা ও মার্কেট করা হচ্ছে। দখল-দূষণ করে নষ্ট করা হচ্ছে। জলমহাল লিজ, পুকুর লিজপ্রথা এবং আইনের কারণে রাজনৈতিকভাবে প্রভাবশালীরা এসব প্রাকৃতিক জলাধার লিজের নামে দখল করে। তাতে গ্রামের প্রান্তিক মানুষের প্রবেশাধিকার থাকে না। আইন বা নীতি যদি জনগোষ্ঠীর উপকারে না আসে, তাহলে সেই আইন পরিবর্তন করা দরকার। তাই সরকারি পুকুর ইজারা দেয়ার নিয়ম যেন বাতিল করা হয়।