দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চায় সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি—এ চার খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এজন্য সরকারি-বেসরকারি অংশীজনদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ শনিবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পর্যটনমন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি খাতের সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট সেন্টার প্লাটফর্ম সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে আফরোজা খানম বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এ অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চায়।

তিনি বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে প্রস্তুত।

বিগত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার পর্যটন খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

দেশের পর্যটন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।