নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ২৮ মামলার আসামি কাইল্লা রক্সিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে সোনারগাঁওয়ে কেওডালা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র্যাব। গতকাল র্যাব-১১ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি (৩৫) মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর পুত্র।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত রক্সি দীর্ঘ দিন ধরে সোনারগাঁ ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিলেন। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। এছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকা এলাকায় সরবরাহের শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করতো। সাধারণ মানুষের জমি দখল এবং স্থানীয় ব্যবসায়ী ও শিল্পকারখানা থেকে মোটা অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা এবং চুরিসহ নানা সমাজবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত সে।
র্যাব জানায়, রক্সির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮ টি মামলার রেকর্ড পাওয়া গিয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।










