সিরাজগঞ্জের পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে ঢাকার খিলগাঁও থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. লিখন, সানোয়ার হোসেন রতন, গোলাম মোস্তফা ও সন্দেহভাজন আসামি সাইফুল ইসলাম। এর মধ্যে লিখন ও সানোয়ার হোসেন রতন হত্যা মামলার প্রধান আসামি শাহাদৎ হোসেন বুদ্দিনের সহোদর।

অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধ আক্তার জানান, শুরু থেকেই পুলিশ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিসহ সন্দেহভাজন আসামিদের গতকাল বিকালে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।