রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নেয়া পথচারী মেজবাহ জানান, শহীদ শাহ নেওয়াজ হলের ১ নং গেটের সামনে দুজন মোটর সাইকেলে এসে মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
তিনি বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি।
নিউ মার্কেট থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন খান জানিয়েছেন, কে বা কারা গুলি করেছে, সে বিষয়ে এখনও কিছু জানতে পারেনি পুলিশ। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর।
থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর শাহীন হোসেন বলেন, আনুমানিক আজ রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










