সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। আজ মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের ভূখণ্ডে চালানো হুথি হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ় বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
পাশাপাশি বাংলাদেশ সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে।










