দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় পিকআপের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৬টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের ফকিরপাড়া এলাকার ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পিকআপের আহত আরো তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন পিকআপচালক ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (৩০) ও তার সহকারী একই জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট গ্রামের এনামুল হকের ছেলে মো. মামুন (২৮)।
আহতরা হলেন ওই পিকআপের শ্রমিক নবাবগঞ্জ উপজেলার হিলিরডাঙা হঠাৎপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আজিবর রহমান, পার্বতীপুর উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তসকিব ও একই উপজেলার মধ্যপাড়া শুকুরডাঙা গ্রামের আদম আলী।
স্থানীয় ও ফুলবাড়ী পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুরে কুলবরই আনলোড করে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে ঝড়-বৃষ্টির মধ্যে গতকাল ভোর ৬টায় ফুলবাড়ীর ফকিরপাড়ায় ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক খায়রুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারী মামুনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে, নিহতদের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










