মুন্সিগঞ্জ সদর থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়সহ বিভিন্ন অফিস থেকে লুট হওয়া সরকারি অস্ত্র দ্রুত সেনা ক্যাম্পে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সরকারি হরগঙ্গা কলেজের পাশে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পে এ অস্ত্র জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।
গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেয়া হয়েছে। মুন্সিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লস ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সেনাবাহিনী দেশের দায়িত্ব গ্রহণ করেছে। আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন। সব ধরনের ভাংচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার অনুরোধ করা হলো। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং অন্য ধর্মাবলম্বীদের বাসা, উপাসনালয়, লুট বা ধ্বংস না করার জন্য অনুরোধ করা হলো। এর পাশাপাশি সব লুট হওয়া অস্ত্র দ্রুত মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজের পাশে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (মুন্সিগঞ্জ স্টেডিয়াম) স্থাপিত অস্থায়ী সেনাক্যাম্পে জমা দেয়ার নির্দেশ দেয়া হলো।’
৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্সিগঞ্জ পৌরসভা, মুন্সিগঞ্জ সদর থানা, ট্রাফিক পুলিশের কার্যালয়, জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও তার ছেলে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের বাসভবন আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় সদর থানা ও ট্রাফিক পুলিশের কার্যালয়ে থাকা সরকারি অস্ত্র ও গুলি লুট হয়। পুড়ে ছাই হয়ে যায় সব গুরুত্বপূর্ণ কাগজপত্র।










