যশোরের ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বেজিয়াতলা স মিল থেকে রঘুনাথনগর উত্তরপাড়ার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার রাস্তাটি কাঁচা থাকায় দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটি পাকা না হওয়ায় এলাকাবাসীকে দুই কিলোমিটার পথ বেশি পাড়ি দিয়ে সেখানে যাওয়া লাগে।
রঘুনাথনগর বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আব্দুল আলিম বলেন, ‘মাত্র এক কিলোমিটার কাঁচা রাস্তার জন্য ওই প্রতিষ্ঠানগুলোয় আসতে দুই থেকে আড়াই কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। বিশেষ করে প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের বহনকারী গাড়ি যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পেতে হয়।’
শুধু ওই সড়ক নয়, যশোর জেলায় এলজিইডির আওতায় সড়ক রয়েছে ৯ হাজার ৮৪৪ দশমিক ৩ কিলোমিটার। এর মধ্যে ৬ হাজার ৯২৫ দশমিক ২ কিলোমিটার সড়কই বেহাল। সলিং রাস্তা (আংশিক পাকা) রয়েছে ১ হাজার ৫৩২ দশমিক ৪ কিলোমিটার।
বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম, দোহাকুলা ও জামদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে পাকা প্রায় সাত কিলোমিটার রাস্তা। এ রাস্তা দিয়ে খলশী, বহরমপুর, নওয়াপাড়া, মামুদালীপুর, বাউলিয়া, বালিয়াডাঙ্গা, বরভাগ, ধলগ্রামসহ ১৫-২০টি গ্রামের মানুষের চলাচল করতে হয়। এটি মানুষের চলাচলের একমাত্র পথ। শুকনো মৌসুমে চলাচল করা গেলেও চরম দুর্ভোগে পড়তে হয় বর্ষা মৌসুমে।
যশোর এলজিইডি সূত্রে জানা গেছে, জেলার আটটি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সড়ক রয়েছে মণিরামপুর উপজেলায়, ১ হাজার ৮০০ দশমিক ৮০ কিলোমিটার। আর কম রয়েছে কেশবপুরে, ১ হাজার ২৫৭ দশমিক ৮০ কিলোমিটার। এছাড়া অভয়নগরে সড়ক রয়েছে ৯৯৩ দশমিক ৫০ কিলোমিটার, বাঘারপাড়ায় ১ হাজার ৭৭ দশমিক ৪০ কিলোমিটার, চৌগাছায় ৮৮৬ দশমিক ৭০ কিলোমিটার, ঝিকরগাছায় ১ হাজার ১৪৬ দশমিক ৫০ কিলোমিটার, সদরে ১ হাজার ৫১৬ দশমিক ৯০ কিলোমিটার এবং শার্শা উপজেলায় সড়ক রয়েছে ১ হাজার ১৮২ দশমিক ৭০ কিলোমিটার।
চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসাদ ইমতিয়াজ জানান, কাঁচা রাস্তাগুলো সংস্কারে তারা উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেটি অনুমোদন হলে দরপত্র আহ্বানের মধ্য দিয়ে এগুলো সংস্কার করা হবে।
এ ব্যাপারে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘আমরা প্রতি বছর ১৫০ কিলোমিটার রাস্তা নতুন করে সংস্কার করছি। যেগুলো আংশিক ভাঙা সেগুলো সংস্কার করছি। বর্তমান সরকার গ্রামীণ রাস্তা সংস্কারে বেশি নজর দিয়েছে। আমরাও সরকারের উদ্যোগ সফল করার চেষ্টা করছি। আসছে অর্থবছরেও এলজিইডির অধীন যশোরের বিভিন্ন কাঁচা রাস্তা পুনর্নির্মাণ করা হবে।’










