আগে সংস্কার ও বিচার, পরে নির্বাচন ও গণতন্ত্র- এমন কথা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আর শুনতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর ভুবন-মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংস্কার ও বিচারের বিষয়ে তিনি বলেন, এগুলো চলমান প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। তাদের উচিৎ যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেয়া।

এ সময় তিনি বিগত সরকার আওয়ামী লীগের মতো আচরণ করা থেকে বিএনপি নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মাঝে পুরাতন সদস্যদের ফরম নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ করা হয়। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।