বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক-বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিভাগীয় প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বাজেট অর্থনীতির প্রাণ। এর মাধ্যমে অর্থনীতির চাকা সচল থাকে। রাষ্ট্র পরিচালনায় আয় ও ব্যয়ের হিসাব বাজেটের মাধ্যমে প্রতিফলিত হয়।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের ব্যয় মেটানোর জন্য আর্থিক উৎসের অন্যতম প্রধান হলো কর। সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীরা এবং কর প্রদানে যোগ্য সকল নাগরিককে নিয়মিত কর প্রদান করতে হবে।’ এ লক্ষে কর প্রদানের পদ্ধতি সহজীকরণ ও ট্যাক্স ভীতি দূরীকরণে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘আইন প্রয়োগের মাধ্যমে কর আদায় করা যায়। সরকার চায় আইন প্রয়োগ না করে করদাতাদের উৎসাহ ও কর প্রদানের উপকারিতা সম্পর্কে সচেতন করে তা আদায় করা হোক।’ এ সময় জনগণের প্রদেয় কর রাষ্ট্রের এবং তাদের সেবার জন্যই ব্যয় করা হয় সে বিষয়ে জনগণকে আরো বেশি জানাতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআর সদস্য এ কে এম বদিউল আলম ও হোসেন আহমদ, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও বিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম । এছাড়া বিভাগীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত আলোচনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বাজেট সম্পর্কিত তাদের মতামত, সমস্যা ও সম্ভাবনার কথা উপস্থাপন করেন।