ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধ ঘিরে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। আগুনে গাড়িটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদেরও ধাওয়া দেন শ্রমিকরা রোববার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, পুলিশের তৎপরতায় ওই আগুনের প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। চালু হয়েছে পল্লবী, মিরপুর-১১ মেট্রো স্টেশনের যাত্রী সেবা। মিরপুর-১১ থেকে মিরপুর-১০ এর যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।









