দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দুঃশাসনের বিরুদ্ধে দুঃসাহসী যৌবনের আহ্বানে যুবকরা ঝাঁপিয়ে পড়েছিল বলেই ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন স্বদেশ পেয়েছি। আবার এ যুবকরাই ২৪-এর গণঅভ্যুত্থান রচনা করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। যুবকরা বারবার প্রমাণ করেছে সাহসী যৌবনই সুন্দর আগামী।

এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এখন সময় উন্নয়ন ও উৎপাদনের— উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম, আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক এ চার শব্দ আজ লালমনিরহাটের প্রতিটি ঘরে এক নীরব আতঙ্কের নাম। ভাঙছে পরিবার, থেমে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ, হারিয়ে যাচ্ছে স্বপ্ন। এ যখন বাস্তবতা, চুপ থাকার সময় শেষ। এবার যাত্রা প্রতিরোধের। আসুন, সামিল হোন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।