ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানী ঢাকা, গাজীপুর ও সাভারসহ বিভিন্ন এলাকায় আজ রোববার বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এমন পরিস্থিতিতে সাভারে আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকাল থেকে অধিকাংশ কারখানায় সকাল থেকে কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে নিশ্চিতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান করেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে শিল্প পুলিশ তাদের সড়ক থেকে সরে সড়কের একপাশে দাঁড়ানোর অনুরোধ জানান। পরে শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নেন। উদ্ভুত পরিস্থিতিতে আশুলিয়ার আশপাশের প্রায় ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।










