গ্রাহকের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি, সেবাদান প্রক্রিয়াকে উন্নত করা এবং নতুন গ্রাহক তৈরিতে সহায়তার লক্ষ্যে ওমনিচ্যানেল সেবা চালু করেছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যাংকের প্রথাগত শাখা, উপশাখা, কল সেন্টার এবং ডিজিটাল চ্যানেলগুলোকে একটি সমন্বিত সার্ভিস ইকোসিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, নতুন এ ব্যবস্থার ফলে গ্রাহকরা ব্যাংক সেবায় পূর্ণ স্বাধীনতা উপভোগ করবেন। যেকোনো একটি চ্যানেলে ব্যাংকিং প্রক্রিয়া শুরু করে গ্রাহকরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অন্য যেকোনো মাধ্যমে তা শেষ করতে পারবেন। ফলে একই তথ্য পুনরায় প্রদানের প্রয়োজন হবে না, যা ব্যাংকিং অভিজ্ঞতাকে আরো গতিশীল ও সহজ করবে। এ সমন্বিত উদ্যোগ গ্রাহক সম্পৃক্ততা বাড়াতে, সেবা প্রদানের সময় কমাতে এবং দীর্ঘমেয়াদি গ্রাহক সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে ওমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংক খাতে বড় ধরনের রূপান্তর। এটি ডিজিটাল সুবিধা ও মানবিক সেবার কার্যকর সমন্বয় ঘটিয়েছে। গ্রাহকদের চাহিদা ও বৈশ্বিক আধুনিক রীতিনীতির মেলবন্ধন ঘটিয়ে আমরা সেবার নতুন মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকের প্রয়োজন সঠিকভাবে বোঝার ওপর ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। আধুনিক প্রযুক্তি ও ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার বাড়িয়ে প্রথাগত লেনদেননির্ভর ব্যাংকিং থেকে বেরিয়ে এসে সম্পর্কভিত্তিক ব্যাংকিংয়ের ওপর জোর দিচ্ছে ব্র্যাক ব্যাংক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক প্রমুখ।