বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের যাত্রা উদযাপন উপলক্ষে ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) আয়োজনে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে জাপানের বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের অটোমোবাইল খাতে জাপানি গাড়ির পাঁচ দশকের অবদান তুলে ধরা হবে। বারভিডার এক সংবাদ সম্মেলনে গতকাল এ তথ্য জানানো হয়।

সংগঠনটি বলছে, প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ বিভিন্ন মডেলের গাড়ি থাকবে। দর্শনার্থীরা একই স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখে মডেল, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারবেন। এর মাধ্যমে ক্রেতাদের গাড়ি নির্বাচন ও কেনার প্রক্রিয়া সহজ করার লক্ষ্য নিয়েছে আয়োজক সংগঠনটি।

এক্সপোর অন্যতম আকর্ষণ হবে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস নিয়ে বিশেষ প্রদর্শনী। এতে জাপানি গাড়ির আগমন থেকে শুরু করে বিভিন্ন প্রজন্মের মডেল, প্রযুক্তিগত পরিবর্তন এবং দেশের পরিবহন খাতে এ শিল্পের অবদান তুলে ধরা হবে। পাশাপাশি কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও সরকারি রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড গাড়ি খাতের ভূমিকা তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

বারভিডার মতে, গাড়ি আমদানি ও বিক্রির বাইরেও অটোমোবাইল খাতের সঙ্গে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ ও প্রযুক্তির বিকাশ জড়িত। এ আয়োজনের মাধ্যমে ক্রেতা ও ব্যবসায়ীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চায় সংগঠনটি।