চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি বালুবাহী পিকআপ দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনায় সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

এর আগে এদিন সকাল ৯টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিলাম। জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে দেখি এ দুর্ঘটনা।

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, আজ সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপ পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রেনের সঙ্গে আটকে যায় ট্রাক। এর প্রায় দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনা কবলিত পিকআপটি সরিয়ে নেয়া হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।