ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে গতকাল ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে পদ্মার উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। সকাল ৯টায় কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় বন্ধ থাকায় পদ্মার দুই পাড়ে আটকা পড়ে শতাধিক পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা পড়ে দুর্ভোগে।
পদ্মা নদীতে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার কারণে ঢাকা-খুলনা মহাসড়কও কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। দূরপাল্লার পরিবহনসহ সব যানবাহনকে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে ধীরে ধীরে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। একপর্যায়ে রাত ২টার দিকে পুরো নৌপথ ঢেকে যায়। তাই নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় পাঁচটি ফেরি। এছাড়া ছোট-বড় মিলে আরো নয়টি ফেরিকে উভয় ঘাটে আটকে রাখা হয়।
টানা ৭ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে দুই শতাধিক যানবাহন। সকাল ৯টায় কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওই কর্মকর্তা।










