মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, নানা ষড়যন্ত্র
ও চক্রান্তের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ভালো কিছুর চেষ্টা
করে যাচ্ছেন। পবিত্র মাহে রমজানে তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা
করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে দুধ, ডিম এবং মাংস বিক্রির উদ্যোগ নেয়া
হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালীতে
মধুখালী পৌর বাজার সংলগ্ন লোকাল বাসস্ট্যান্ড এলাকায় ন্যায্যমূল্যে দুধ, ডিম ও গরুর
মাংস বিক্রি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এখানে ১০০ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায়
এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ঢাকা শহরে ২৫ স্পটে এ কার্যক্রম
চালুর পর এখন ৩২ স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮ জেলায় এ কার্যক্রম
শুরু করা হয়েছে। মধুখালীতে ৭ দিনব্যাপী (৫ এপ্রিল পর্যন্ত) এ কার্যক্রম চালু থাকবে।
মো. আব্দুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ
নেয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবী
মানুষ যাতে এখানে এই গরুর মাংস, দুধ ও ডিম কিনতে পারেন সেদিকেও সবাই দৃষ্টি রাখবেন।
এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা
চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, পৌর মেয়র
মোর্শেদ রহমান লিমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস, উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু উপস্থিত ছিলেন।










