বিসিক শরীয়তপুর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন ঘুসের টাকাসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন । গতকাল দুপুরে জেলা শহরের প্রেমতলা বিসিক শিল্পনগরীর কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানটি মনিটর করেছেন দুদকের উপপরিচালক আতিকুর রহমান।
অভিযান শেষে দুদকের উপপরিচালক সাংবাদিকদের বলেন, ‘জনৈক এস্কেন্দার ঢালীর একটি প্রতিষ্ঠানের খাত পরিবর্তনের জন্য আবেদন করলে তার কাছে মনির হোসেন ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করেন। এস্কান্দার ঢালী ঘুস দিতে রাজি না হওয়ায় আমাদের সঙ্গে যোগাযোগ করেন। দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে গতকাল ৫০ হাজার টাকা লেনদেনের সময় আমরা হাতেনাতে মনির হোসেনকে আটক করি।’










