শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবেলায় শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরিফুল হক চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে কারণ আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।
সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের প্রি-ডিপার্চার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরী হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি জোর দেন।
এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।










