পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, যুব সমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও যোগ্যতা নিয়েই দেশের কর্মসংস্থানের মূল চাবিকাঠি তৈরি হয়। দেশের ৪ কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) গাজীপুরের সালনায় ইউসেপ আয়োজিত ‘জব ফেয়ার ২০২৫’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি যুবককে দক্ষ করে গড়ে তুললে আর্থসামাজিক অবস্থার বড় পরিবর্তন সম্ভব। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবসময়ই যুবকদের অগ্রাধিকার দেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব যুবকদের দেশী ও বিদেশী প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সুপ্রদীপ চাকমা দেশের কর্মমুখী শিক্ষার প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি বলেন, কর্মমুখী শিক্ষা মানুষকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে। বর্তমান বিশ্বে দক্ষ মানুষের চাহিদা বেড়েছে। অনলাইনে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে এবং দলবদ্ধভাবে প্রশিক্ষণ নিয়ে নারীরাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এটি দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আব্দুল করিমের সভাপতিত্বে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম এবং গুডউইভের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।