অবৈধভাবে নিয়োগের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। গতকাল এ মামলার ধার্য তারিখে হাজির হয়ে ড. আব্দুস সাত্তার জামিনের আবেদন জানান। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে এ মামলার অন্য দুই আসামি যবিপ্রবির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রউফ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপ-উপাচার্য ড. কামাল উদ্দিন জামিনে রয়েছেন। এর আগে এ তিন আসামির গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।










