বাংলাদেশে বন্যপ্রাণী পাচার ও শিকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।  মন্ত্রী অপরাধীদের জন্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় কঠোর শাস্তি বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করে বলেন, বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে শক্তিশালী করা হবে। উপরন্তু, আরো কার্যকর প্রয়োগের জন্য বিধিমালা  সংশোধন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

রোববার (৩১ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের  প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন পরিবেশমন্ত্রী। বৈঠকের উদ্দেশ্য ছিল বন্যপ্রাণী সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা করা।

মন্ত্রী বলেন, সুন্দরবন সংরক্ষণে বাঘ সংরক্ষণ অতি গুরুত্বপূর্ণ।  তিনি বন্যপ্রাণী পাচারকারীদের জন্য ট্রানজিট পয়েন্ট ও অভ্যন্তরীণ বাজার হিসেবে বাংলাদেশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক জীববৈচিত্র্যের হটস্পট পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।