ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।

নিহত সামিয়া আক্তারের বাবা জাকির হোসেন এবং সাবিনা আক্তারের পিতার নাম বাচ্চু হাওলাদার ।তারা দুজন আপন ভাই। দুজন উপজেলার কুশংগল ইউনিয়নের মুখিয়া গ্রামের বাসিন্দা। নিহত দুই চাচাতো বোন স্থানীয় মুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা হারুন হাওলাদার জানান, নাতিন সামিয়া আক্তারকে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পাশে তার জুতা দেখতে পেয়ে পানিতে নেমে সামিয়া আক্তার(৫) কে খুঁজে পান। তাকে পেয়ে নলছিটি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সামিয়ার চাচাতো বোন সাবিনাকে না পেয়ে আবারও খোঁজাখুজি শুরু করেন। এ সময় আরো একজোড়া জুতা পুকুরের পাশে দেখতে পেয়ে পুকুরে নেমে সাবিনা আক্তার (৬) কে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

তাদের দুজনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতদের বাড়িতে যান নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী জানান, পানিতে ডুবে নিহতদের ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।