বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার জনবসতিপূর্ণ এলাকায় দুটি মর্টার শেল এসে পড়েছে। মর্টার শেল দুটি মিয়ানমার থেকে ছোড়া হয়েছে। গতকাল বিকাল ৩টার দিকে ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে একটি ও এর কিছুক্ষণ পর আরো একটি মর্টার শেল উড়ে এসে পড়ে। মর্টার
শেলগুলো বিস্ফোরিত না হলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘটনার বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন বান্দরবান এসপি।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, গত দুই সপ্তাহ ধরে সীমান্তঘেঁষা মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে। গতকাল বিকালে তুমব্রু উত্তরপাড়া মসজিদের পাশে মর্টার শেলগুলো উড়ে এসে পড়ে। এতে স্থানীয়রা আতঙ্কে রয়েছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিকালে দেয়া এক বিবৃতিতে বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুমব্রু উত্তরপাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মধ্যবর্তী এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বিজিপির (মিয়ানমারের বর্ডার গার্ড অব পুলিশ) তুমব্রু রাইট ক্যাম্প এলাকা অবস্থিত। সেখান থেকে ফায়ার করা একটি মর্টার শেলের গোলা ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে পড়ে। অন্য মর্টার শেল ওই এলাকা থেকে আনুমানিক ২০০ গজ পূর্বে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়েছে। মর্টার শেল পড়া এলাকাটি সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক অর্ধকিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। এ ঘটনায় কেউ
হতাহত হয়নি।
এতে আরো বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে গোলা পতিত হওয়ার ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে বিজিবি মোতায়েন আছে।










