কেরানীগঞ্জের বাবু বাজার এলাকার অগ্নিদুর্ঘটনাকবলিত জাবালে নূর টাওয়ার থেকে আরো ৩ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট উদ্ধার করা হলো ৪৫ জনকে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রচুর ধোঁয়ার কারণে ৩টি ব্রিদিং টেন্ডার, ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ এখন মোট ২০টি ইউনিট আগুনে কাজ করছে।
কেরানীগঞ্জের আগুনের বিষয়ে সকালে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি।
তিনি জানান, অগ্নিদুর্ঘটনাকবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত; কিন্তু এগুলোর বেইজমেন্ট ১টি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। ১ম ও ২য় তলার বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন। ওপরে আবাসিক কোয়ার্টার। বেইজমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।

অগ্নিদুর্ঘটনাকবলিত জাবালে নূর টাওয়ার। ছবি- বণিক বার্তা
আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে বহুতল ভবনটির নিচতলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন লাগার পর ৫টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।










