বগুড়ার শিবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে অন্য ট্রাকের চালকসহ দুজন নিহত হয়েছেন। শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে দুজন ও মাদারীপুরে একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

বগুড়া: গতকাল ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকায় একটি ট্রাক আলু বোঝাই করে দাঁড়িয়ে ছিল। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকে থাকা চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের ট্রাকচালক মো. মিনহাজা (৩৫) ও তার সহকারী একই এলাকার মো. ইমরান (৩০)। নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চারমাথা গোদারপাড়া এলাকায় বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন (৫৮) নিহত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা।

চট্টগ্রাম: মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান (৪১) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরাফাত (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই বাসের অন্তত ৪০ যাত্রী। শুক্রবার রাতে পটিয়ার নয়াহাট শাহ আমানত গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর: জেলার শিবচরে নির্মাণাধীন সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মিজবাহ মোড়ল (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের আজগর হাওলাদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজবাহ একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে। তিনি সৌদি আরব থেকে শুক্রবারই দেশে এসেছিলেন। গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি রকিবুল ইসলাম।