বিদেশী পিস্তল হাতে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর
দল থেকে বহিষ্কার হয়েছেন ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক
আসাদুজ্জামান পরশ শিকদার।
আজ শুক্রবার (২৯ এপ্রিল) জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্নেয়াস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ
মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলের গঠনতন্ত্র
বিরোধী এ আচরণ করায় আসাদুজ্জামান পরশ শিকদারকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার
করা হলো।
জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. ফরিদ মিয়া বলেন, প্রথমে তাকে কারণ দর্শানোর জন্য বলা হলেও পরে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা তাকে বহিষ্কার করার নির্দেশ দেন। আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরশকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করেছি।
প্রসঙ্গত, গত ২৭ শে এপ্রিল পিস্তল হাতে আসাদুজ্জামান পরশ শিকদারের দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, তার পেছনে আরো কয়েকটি রাইফেল সাজিয়ে রাখা। পরশ শিকদার স্বীকার করেছেন, ৫ বছর আগে পৌর যুবলীগের নেতা মিনহাজুল আবেদিন চয়নের মোবাইল ফোনে ছবিটি তোলা হয়েছিল।










