ঢাকার আশুলিয়ায় একটি দ্রুতগতির ট্রাকের চাপায় মিনহাজ উদ্দিন (২৫) নামে এক পথচারী নিহত
হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি
আটক করা হলেও চালক পালিয়ে গেছে৷ আজ
রোববার (২৬ মার্চ) সন্ধ্যায়
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কলমাইদ গ্রামের হুরমত আলীর ছেলে। তিনি নরশিংহপুর থেকে ভিনটেজ গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, বিকালে টাঙ্গাইলের নাগরপুর থেকে এসবি লিংক বাসে বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগরে আসেন মিনহাজ। সেখান থেকে বাইপাইল এসে নরশিংহপুর যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়ক বিভাজকে উঠে যায়। ট্রাকটির নিচে চাপা পড়েন মিনহাজ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।










