ফরিদপুরের সালথা উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে হায়দার মোল্যা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে সালথা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হায়দার মোল্যা সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী।

অভিযোগ রয়েছে, আব্দুর রহমান নামের এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে ২৫ হাজার ৫০০ টাকা নেয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী হায়দার মোল্যা। পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছে সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও তার ভাই। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমও বিভিন্ন লোকজন দিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ ভুক্তভোগী ভিক্ষুকের পরিবারের। 

পরে এ ঘটনায় সালথা থানায় গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ এনে একটি এজাহার দায়ের করেন ভিক্ষুক আব্দুর রহমান। এজাহারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও উক্ত মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই মোকাদ্দেস মাতুব্বরকে আসামি করা হয়। পরে ওইদিন দিবাগত রাতে সালথা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।  

ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ ব্যাপারে জানান, এজাহার দায়েরের প্রেক্ষিতে হায়দার মোল্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।