‘বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বিএনপির অসহযোগ আন্দোলন দুঃখজনক। তারা মনে করছে নির্বাচনে আসলে ভোট পাবে না। বিএনপি ভুল পথে চলছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক।’

আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।

আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

সিলেট-১ আসনের এ আওয়ামী লীগের প্রার্থী নগরীর উপশহর এলাকায় সকালে লিফলেট বিতরণের মাধ্যমে সকালে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এরপর তেরো রতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন ও ভোট চান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন আত্মনির্ভরশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। বাংলাদেশ আফগানিস্তান নয় কাজেই দু-একটি দেশের হুমকি-ধমকিতে কোনো লাভ হবে না।