কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, দেশের ক্রমবর্ধমান খাদ্যচাহিদা মেটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। শনিবার সন্ধ্যায় দিনাজপুরে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে চার দিনব্যাপী (২০২১-২২) এক বছরে সম্পাদিত গবেষণা কার্যক্রমের ফল উপস্থাপন ও কর্মশালা উদ্বোধনের পর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম প্রমুখ।