মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামে এক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ভেটেরিনারি শিক্ষার্থীদের পড়ালেখা শেষে চাকরির নিশ্চয়তা দিতে ইতোমধ্যে অর্থমন্ত্রী ও অর্থ সচিবের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, আগামীতে তাদের কর্মসংস্থান আরো বাড়বে।
মৎস্য খাতে জনবল ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বক্তব্যে অনেকেই বলেছেন, একটি উপজেলায় একজন ফিশারিজ কর্মকর্তা রয়েছেন। এ বিষয়ে ইতোমধ্যে ৫০০ জনের অধিক জনবলের অনুমোদন হয়েছে। পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী জনবল নেওয়া হবে।
প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভেটেরিনারি হাসপাতালের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় কেন্দ্রীয়ভাবে একটি ভেটেরিনারি হাসপাতাল রয়েছে। সরকার কীভাবে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে আধুনিক ও উন্নতমানের ভেটেরিনারি হাসপাতাল করা যায়, সে বিষয়টি নিয়ে চিন্তা করছে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলীমুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এবং বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান।
এছাড়া, আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান এবং ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম খসরুজ্জামান।
তিন দিনব্যাপী এ সম্মেলনে দেশ ও বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, প্রাণিচিকিৎসক, নীতিনির্ধারক, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নিয়েছে।










