তত্ত্বাবধায়ক সরকার এখন মামাবাড়ির আবদার। এটা ভুলে যান। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে। শেখ হাসিনার উন্নয়ন দেখে ওদের এখন জ্বলে। হারিয়ে যাওয়া হাওয়া ভবন আর সেই ময়ূর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল দুপুরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, টাকা উড়ছে আকাশে, টাকা উড়ছে বাতাসে। ফখরুল ইসলাম টাকার বস্তার ওপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গিয়েছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী-এমপি বানাবেন, তা শুরু হয়ে গিয়েছে। আমরা তা হতে দেব না।

তিনি বিএনপির উদ্দেশে আরো বলেন, লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলনের পতন হয়েছে, নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। অস্ত্র পাচারকারী আপনাদের নেতা, এটা হতে দেয়া হবে না।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না।