কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্ত। গতকাল সকাল ৯টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান সিদ্দিক চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁদগ্রামের ওম্বর মণ্ডলের ছেলে।

ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, চাঁদগ্রাম ইউনিয়নের চরপাড়ায় মাঠে নিজের লোকজন নিয়ে কাজ করছিলেন সিদ্দিক। এ সময় চার-পাঁচজনের একটি দল সেখানে হাজির হয়। হঠাৎ দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন সিদ্দিকসহ চারজন। 

সন্ত্রাসীরা সেখান থেকে চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।  আহতদের সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে। 

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টির তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে। নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।