বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ১৭ হাজার শটগান ও পুলিশের জন্য বডি ক্যাম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো সাশ্রয়ী মূল্যে কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। খবর বিবিসি বাংলা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

এ সময় তিনি জানান, পুলিশের জন্য আগে ৪০ হাজার বডি ক্যাম কেনার কথা বলা হলেও এখন সেই সংখ্যা কমবে। তবে চূড়ান্তভাবে কত বডি ক্যাম কেনা হবে এবং এজন্য কত অর্থ ব্যয় করা হবে সেটি তিনি প্রকাশ করেননি।

উপদেষ্টা আরো জানান, শুধু স্পর্শকাতর এলাকায় পুলিশকে বডি ক্যাম দেয়ার জন্য সুপারিশ করেছি। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে এগুলো দেয়া হবে।

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।