নরসিংদীর শিবপুরে ‘বিয়ের প্রলোভনে’ বাড়ি থেকে ডেকে নিয়ে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে শিবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার বুধবার রাতে শিবপুর মডেল থানায় ধর্ষণের মামলা করেছেন নির্যাতিতা ওই নারী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে শিবপুর উপজেলার কুন্দারপাড়ার একটি ধানক্ষেতে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- রায়পুরা উপজেলার সাহেরচর এলাকার মোমরেজ খানের ছেলে আক্তার হোসেন (৩০) এবং অপরজন একই এলাকার জামির আলীর ছেলে রহিম খান (৩২)। এঘটনার অপর অভিযুক্ত মোমেন ওরফে মোনায়েম খান (২৬) পলাতক বলে জানিয়েছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী ওই নারী নরসিংদী সদর উপজেলার একটি মোমবাতি ফ্যাক্টরিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একই স্থানে অভিযুক্ত আক্তার হোসেনেও কাজ করতেন। সেই সূত্র ধরে অভিযুক্ত আক্তার হোসেনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

ওই নারী অভিযোগ করেছেন, গত মঙ্গলবার বিয়ের কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন আক্তার হোসেন। পরবর্তীতে আক্তার হোসেন তার দুই সহযোগীসহ সিএনজিযোগে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। পরে শিবপুরের কুন্দারপাড়ার একটি নির্জন স্থানের ধানক্ষেতে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করেন। পরে তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, শিবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। নির্যাতিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকেও গ্রেফতারে অভিযান চলছে।