চট্টগ্রামে লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় চাঁদপুর, নারায়ণগঞ্জ ও ঝালকাঠিতে আরো তিনজনের প্রাণহানি হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
চট্টগ্রাম: বারইয়ারহাট পৌর বাজারের ধুমঘাট সেতু এলাকায় লরির ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ সময় আরেক আরোহীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মো. বাবুলের ছেলে রাসেল (২৮) ও একই এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শাহীন (২২)। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হয়েছেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মো. রাসেল ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি মেডিকেল অ্যাকসেসরিজের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাদশা তালুকদার মোটরসাইকেলে করে চান্দ্রা বাজারে যাচ্ছিলেন। পথে মদনেরগাঁও এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলের আরোহী জিহাদসহ (১৮) দুজন গুরুতর আহত হন।
ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহের জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ট্যাংকলরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুণী নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মো. খালেদ হোসেন (২৭) নামে এক যুবক। নিহত আয়েশা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর তাপালবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে।
ঝালকাঠি: বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পণ্যবাহী ট্রলি খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা বাকলাইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মো. সোহেল (৩০) বরিশালের বানারীপাড়া উপজেলার নূর আকনের ছেলে। সদর থানার ওসি মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।










