নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের মনোনয়নপত্র আর সরাসরি জমা নিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রাখতে চায়।

আজ সোমবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

জনপ্রতিনিধিরা শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে সারাবিশ্বে পরিচিত। নিজেদের স্মার্ট বাংলাদেশ দাবি করি। এখন স্কুল কলেজ থেকে শুরু করে সবকিছুর আবেদনই অনলাইনে সাবমিশন হচ্ছে। অনলাইনে সাবমিশন দিলে সুবিধা আছে। অভিযোগ আছে, যারা সাবমিশন করতে চায় তাদের অনেকে বাধাগ্রস্ত হয়। খেলার মাঠে খেলোয়াড় নেই তাহলে জিতে লাভ কী?’

এই চিন্তা কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আইসিটি বিভাগ একটি প্রেজেন্টেশন দিয়েছে বলেও জানান তিনি। বলেন, ‘মনোনয়ন জমায় যেন অসুবিধা না হয় সেটি বিবেচনা করা হচ্ছে।’

আগামী কমিশন সভায় অনলাইন মনোনয়ন সাবমিশন বাস্তবায়ন করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা করবেন জানিয়ে আহসান হাবিব খান বলেন, ‘কমিশনে সিদ্ধান্ত হলে এটি বাস্তবায়ন করব। প্রথমে এটির পাইলট প্রজেক্ট নেব। চ্যালেঞ্জ কী ধরনের তা দেখব। আমরা চিন্তা করি, সুন্দর জিনিস সবাই একসেপ্ট করবে। প্লার্টফর্ম রেডি হওয়ার পর প্রথমে ছোট ছোট নির্বাচনে পাইলট হিসেবে শুরু করা হবে। প্রথমে ইউনিয়ন পরিষদ, তারপর উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেও ব্যবহার করা হবে। এগুলোতে সফল হলে জাতীয় নির্বাচনেও অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

অনলাইনের পাশাপাশি কেউ চাইলে সশরীরে গিয়ে মনোনয়নপত্র জমা দেয়ার বিধান রাখা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সমস্ত কিছুই বিবেচনা করেই অনলাইনে করা হবে। দুই অপশন থাকবে না।