রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মূলত ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য আজ সকালে হঠাৎ তিনি হাসপাতাল দুটি পরিদর্শনে যান।
এ সময় ডা. সামন্ত লাল সেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, কিচেনসহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) পরিদর্শন করেন। পাশাপাশি হাসপাতালে সেবা নিতে আসা ও চিকিৎসারত রোগী এবং তাদের আপনজনদের সঙ্গে কথা বলেন। তাদের চিকিৎসা পেতে কোনো প্রকারের অসুবিধা হচ্ছে কিনা জানতে চান। কোনো অভিযোগ থাকলে নির্ভয়ে জানাতে বলেন। সেবা নিতে আসা রোগীরা হাসপাতাল দুটির চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে
কথা বলেন। মন্ত্রী বলেন, ‘প্রতি ঈদের ছুটিতে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, হাসপাতালে ডাক্তার থাকে না, নার্স থাকে না। রোগীরা চিকিৎসা পায় না। এবার তা হতে দেয়া যাবে না৷। ঈদের ছুটিতে
স্বাস্থ্যসেবার কোনো ব্যত্যয় ঘটবে না। দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
চিকিৎসক-রোগীর মধ্যে সম্পর্ক মজবুত করতে হবে। আপনারা নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যান, আপনাদের বিষয়গুলোও আমি দেখব।’










