ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের প্যারেড গ্রাউন্ডে গতকাল মরহুমের সামরিক মর্যাদায় জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া অনুষ্ঠানে মোহাম্মদ রফিকুল ইসলামের পরিবারের সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মরহুমের সম্মানার্থে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়।

দেশে ফিরেছেন সেনাপ্রধান: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি ওএসপি এসজিপি পিএসসি পাঁচদিনের সরকারি সফরে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন শেষে গতকাল দেশে ফিরেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়ন পরিদর্শন করেন। উভয় মিশন এলাকায় সেনাপ্রধান বাংলাদেশী শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া তিনি আনমিস ও ইউনিসফা মিশনে নিয়োজিত বাংলাদেশী স্টাফ অফিসার, অবজারভার এবং কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম ও মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

সফরের অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান আনমিস ফোর্স কমান্ডার মেজর জেনারেল উয়ু এবং ইউনিসফার ফোর্স কমান্ডার লে. জে. গনেশ কুমার শ্রেষ্ঠার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। —আইএসপিআর