রাজশাহীতে সড়কে ইউটার্ন নেয়ার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
রাজশাহী: বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে রাজশাহী শহরের শাহ মখদুম থানাধীন সিটি হাট এলাকায় ইউটার্ন নেয়ার সময় পেছন থেকে গ্রামীণ ট্রাভেলসের একটি বাস ওই মোটরসাইকেলকে চাপা দেয়।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) ও একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৫)। তাদের মধ্যে আজিজুর রহমান খান ঘটনাস্থলেই মারা যান। সৈবুর রহমানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ মখদুম থানার ওসি মাছুমা মুস্তারী জানান, আজিজুর রহমান ও সৈবুর রহমান একই মোটরসাইকেলে রাজশাহী শহর থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। সিটি হাট এলাকায় ইউটার্ন নেয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসের নিচে পড়ে দুজনের মৃত্যু হয়। বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন সদর উপজেলা মাঝপাড়ার তাজেবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২২) ও ধীনগর গ্রামের কামাল হোসেনের ছেলে শিহাব হোসেন (২০)। আহত যুবক আমনুরা কলোনির শফিকুল ইসলামের ছেলে ইমন আলী।
রংপুর: জেলার তারাগঞ্জে উল্টো পথে আসা একটি বাসচাপায় মোতালেব হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ইকরচালী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোতালেব নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত একজনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও মুরাদ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মো. জাবের (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ধনকুণ্ডা চেয়ারম্যান অফিসসংলগ্ন ক্যানেলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাবের ধনকুণ্ডা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
কিশোরগঞ্জ: ভৈরবে মহাসড়কে টহল দেয়ার সময় ট্রাকের ধাক্কায় নাজমুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুরে ভৈরব হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নাজমুল হক ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর মান্দারকান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। এ ঘটনায় আরো এক পুলিশ সদস্যসহ দুজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজমুল হককে মৃত ঘোষণা করেন।










